যাত্রাবাড়ী-মুগদায় ১৩ হাজার ইয়াবা ও ১১ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩
- আপডেট: ১২:০১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
- / ১৮০০২
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর যাত্রাবাড়ী ও মুগদা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১৩ হাজার ইয়াবা বড়ি ও ১১ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) মতিঝিল বিভাগ।
গ্রেফতারকৃত আসামিরা হলেন–মো. আবুল হোসেন (৭০), কামরুল হাসান সজীব (২৪) ও মো. আলামিন তালুকদার (২৭)।
মঙ্গলবার (১১ আগস্ট) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
তিনি জানান, গতকাল সোমবার সন্ধ্যা ৬টা ৫ মিনিটের দিকে যাত্রাবাড়ী থানার দেওয়ানপাড়া এলাকায় অভিযান চালায় ডিবি মতিঝিল বিভাগের একটি দল। এ সময় আবুল হোসেন ও কামরুল হাসান সজীবকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১১ কেজি গাঁজা ও একটি মুঠোফোন উদ্ধার করা হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
অন্যদিকে, গতকাল দুপুর ৩টা ৫ মিনিটের দিকে মুগদা থানার টিটিপাড়া এলাকায় বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামের ৩ নম্বর গেটের সামনে অভিযান চালিয়ে মো. আলামিন তালুকদারকে গ্রেফতার করে ডিবি। তার কাছ থেকে ১৩ হাজার ইয়াবা ট্যাবলেট ও একটি মুঠোফোন উদ্ধার করা হয়।
এ ঘটনায় আলামিনের বিরুদ্ধে মুগদা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।



















