নোয়াখালীতে প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শন,নিজেই ক্লাস নিলেন পুলিশ সুপার
- আপডেট: ০৬:১১:২৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
- / ১৮০০৪
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
সেবাবান্ধব ও জনমুখী পুলিশ গড়ে তোলার লক্ষ্যে নোয়াখালীর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।
সোমবার (১৭ আগস্ট) প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শনকালে পুলিশ সুপার প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পরে তিনি একটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ সেশনে নিজেই ক্লাস নেন।
ক্লাসে পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি জনগণের প্রতি আন্তরিক, দায়িত্বশীল ও সেবামুখী আচরণের ওপর গুরুত্বারোপ করেন পুলিশ সুপার। বিশেষ করে থানায় সেবা নিতে আসা জনগণের সঙ্গে করণীয় এবং পুলিশের ভাবমূর্তি রক্ষায় করণীয় বিভিন্ন বিষয় নিয়ে তিনি প্রশিক্ষণার্থীদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।
পুলিশ সুপার বলেন, থানায় আগত সেবা প্রার্থীদের সঙ্গে সৌজন্যপূর্ণ, মানবিক ও পেশাদার আচরণ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে পুলিশের ভাবমূর্তি সমুন্নত রাখতে সততা, নিষ্ঠা, শৃঙ্খলা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
তিনি আরও বলেন,পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে জনগণের আস্থা অর্জন এবং পুলিশের সেবার মান আরও উন্নত করতে হবে।
এ সময় প্রশিক্ষণার্থীদের পেশাগত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি জনসাধারণের প্রতি আরও দায়িত্বশীল ও সেবামুখী হওয়ার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।



















