মহাখালী টার্মিনালের যানজট নিরসনে মালিক-শ্রমিকদের সহযোগিতা চাইল ডিএমপি
- আপডেট: ০৯:৩৬:০৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
- / ১৮০০৪
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
মহাখালী বাস টার্মিনাল এলাকা পরিদর্শন করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার (উত্তর) আ. স. ম. শামসুর রহমান ভূঁঞা। এ সময় পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেন তিনি।
রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটার দিকে মহাখালী বাস টার্মিনাল এলাকায় এ পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাম্প্রতিক সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পরিবহন মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সচেতন করেন যুগ্ম পুলিশ কমিশনার। তিনি চালকবিহীন অবস্থায় সড়কে যানবাহন পার্কিং না করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
মহাখালী বাস টার্মিনাল এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ট্রাফিক পুলিশ ও স্বেচ্ছাসেবকদের সমন্বিতভাবে কাজ করার কথা জানান তিনি।
সভায় মহাখালী বাস টার্মিনালকেন্দ্রিক যানজট নিরসনে সরকারের দেওয়া নির্দেশনা বাস্তবায়নে ডিএমপির ট্রাফিক বিভাগ ও পরিবহনসংশ্লিষ্ট পক্ষগুলোর নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরা হয়।
এ সময় মহাখালীর ডিপোর বাসগুলো পূর্বাচলের অস্থায়ী ডিপোতে স্থানান্তরের কার্যক্রম নিয়েও আলোচনা হয়। গ্যাপের বাসগুলো মহাখালী টার্মিনাল থেকে পূর্বাচলের অস্থায়ী ডিপোতে স্থানান্তরের ফলে যানজট অনেকাংশে কমেছে বলে সন্তোষ প্রকাশ করেন যুগ্ম পুলিশ কমিশনার। সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতায় এ কার্যক্রম সফল হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভায় ট্রাফিক গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. তারেক জুবায়ের, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জিয়াউর রহমান, বাংলাদেশ পরিবহন মালিক শ্রমিক সমিতির মহাসচিব সাইফুল ইসলামসহ পরিবহন মালিক-শ্রমিক নেতারা এবং ট্রাফিক মহাখালী জোনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



















