কম্বোডিয়ায় সাইবার স্ক্যাম: ৯ বাংলাদেশি আটক
- আপডেট: ০৯:০২:২৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
- / ১৮০০২
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
কম্বোডিয়ার রাজধানী নমপেনে অনলাইন স্ক্যাম পরিচালনার অভিযোগে ৯ বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে তাদের কাছ থেকে ৬টি অল-ইন-ওয়ান কম্পিউটার, ১৫টি মোবাইল ফোন ও কিছু জাল মার্কিন ডলার নোট জব্দ করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিদেশিদের বিরুদ্ধে পরিচালিত এক অভিযানে নমপেনের ডাংকর জেলার ডাংকর কমিউনের মউল ভিলেজের স্ট্রিট ০২বি এলাকায় একটি বাড়িতে অভিযান চালায় কম্বোডিয়ার আইনশৃঙ্খলা বাহিনী।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ওই বাড়িতে বিদেশিদের লক্ষ্য করে সন্দেহভাজন অনলাইন স্ক্যাম কার্যক্রম পরিচালনার তথ্য পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে ৯ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।
এ সময় সাইবার স্ক্যাম কার্যক্রমে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও অন্যান্য আলামত জব্দ করে পুলিশ।
আটক ৯ বাংলাদেশি নাগরিক ও জব্দ করা আলামত পরবর্তী তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার জন্য নমপেন মিউনিসিপ্যাল পুলিশ কমিশারিয়েটে পাঠানো হয়েছে।
পরে তাদের বিরুদ্ধে মামলা প্রস্তুত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নমপেন মিউনিসিপ্যাল কোর্টের প্রসিকিউটরের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত এখনো জানা যায়নি।



















