নোয়াখালীতে সন্ত্রাসীদের হামলায় বসতঘর ভাঙচুর ও লুটপাট
- আপডেট: ০৯:০৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
- / ১৮০২৭
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
নোয়াখালীর সোনাইমুড়ীতে সন্ত্রাসীদের হামলায় একটি বসতঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
শনিবার (১০ জানুয়ারি ) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার ৮নং সোনাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ধন্যপুর এলাকায় মনু মিয়া ডাক্তারের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। ওই বাড়ির মালিক আব্দুর রবের ছেলে প্রবাসী আব্দুল্লাহ আল মামুনের বসতঘরে সশস্ত্র দুর্বৃত্তরা হামলা চালায়।
ভুক্তভোগী আব্দুর রব জানান,১০-১২ জনের একটি সন্ত্রাসী দল রামদা,কিরিচ, সাবল, লোহার রড, লাঠি-সোঁটা ও পিস্তল হাতে নিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে বাড়িতে প্রবেশ করে। এ সময় তারা টিনের চাল ও ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে ওয়ারড্রবের ড্রয়ার ভেঙে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
তিনি আরও জানান, এ ঘটনায় মামলা করলে খুন ও জখমের হুমকি দিয়ে সন্ত্রাসীরা চলে যায়। এতে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে দাবি করা হয়।
স্থানীয় গ্রামবাসীরা জানান, স্বাধীনতার পর এ ধরনের হামলার ঘটনা তারা কখনো দেখেননি। তারা দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।

















