মিরপুরে সেনা অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাবু গ্রেফতার
- আপডেট: ০৫:৫৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
- / ১৮০২০
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় যৌথবাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি মো. বিল্লাল হোসেন ওরফে আলিফ হোসেন বাবু ওরফে চামাইরা বাবু/সিএম বাবু (৩৫)–কে গ্রেফতার করা হয়েছে। অভিযানে তার কাছ থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে কাফরুল থানার ওসি (তদন্ত) রুবেল মল্লিকের নেতৃত্বে বাংলাদেশ পুলিশের সহযোগিতায় ১১ সিগন্যাল ব্যাটালিয়নের নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
সেনাবাহিনী সূত্র জানায়,গ্রেফতারকৃত বাবুর বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ১৩টি মামলা রয়েছে।
৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেডের কাফরুল সেনা ক্যাম্পের এক কর্মকর্তা জানান, বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, শীর্ষ সন্ত্রাসী বাবু কাফরুল থানার উত্তর কাফরুল আইসক্রিম ফ্যাক্টরি গলি এলাকায় অস্ত্রসহ অবস্থান করছে। পরে ১১ সিগন্যাল ব্যাটালিয়নের একটি গোয়েন্দা দল ঘটনাস্থলে নজরদারি চালিয়ে তথ্যের সত্যতা নিশ্চিত করে।
এরপর রাত ৩টা ৪৫ মিনিটে কাফরুল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রুবেল মল্লিকের সহযোগিতায় ১১ সিগন্যাল ব্যাটালিয়নের নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উত্তর কাফরুল আইসক্রিম ফ্যাক্টরি গলি এলাকা থেকে বাবুকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর কাফরুল অস্থায়ী আর্মি ক্যাম্পে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবু তার ব্যবহৃত অবৈধ অস্ত্রের তথ্য স্বীকার করেন। তার জবানবন্দির ভিত্তিতে একটি পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পরবর্তীতে পুনরায় জিজ্ঞাসাবাদে আরও অস্ত্র ও গোলাবারুদের তথ্য দিলে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে কাফরুল জামে মসজিদ সংলগ্ন কামাল শাহ মাজার এলাকায় আবারও অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে আরও একটি পিস্তল, ২ রাউন্ড গুলি, পয়েন্ট-২২ এর ৪৫ রাউন্ড গোলাবারুদ এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে ৫টি চাকু, ১টি হাতুড়ি, ৫৭২টি এন্ট্রি কাটার ব্লেড ও টর্চারে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম।
৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেড জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও সন্ত্রাস দমনে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সেনাবাহিনী সর্বদা তৎপর ও বদ্ধপরিকর বলেও জানানো হয়।

















