অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে পুলিশকে পেশাদারিত্বের নির্দেশ:পুলিশ সুপার টি. এম. মোশাররফ
- আপডেট: ০৬:২১:৪১ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৮০০২
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নিরাপত্তা নিশ্চিত করতে আজ রবিবার (০৮ ফেব্রুয়ারি) সকালে নোয়াখালী জেলা পুলিশের উদ্যোগে ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের উদ্দেশে এ ব্রিফিং প্রদান করেন নোয়াখালী জেলার পুলিশ সুপার টি. এম. মোশাররফ হোসেন। জেলা পুলিশের প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত ব্রিফিংয়ে নির্বাচনকালীন দায়িত্ব পালনে করণীয়-বর্জনীয় বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।
ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি কেন্দ্র, মোবাইল, স্ট্রাইকিং ও স্ট্যান্ডবাই ডিউটিতে নিয়োজিত সকল অফিসার ও ফোর্সকে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশ দেন।
এ সময় তিনি নির্বাচন সংশ্লিষ্ট আইন, বিধি-বিধান, নিরাপত্তা ব্যবস্থাপনা এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ভোটারদের নিরাপত্তা ও ভোটাধিকার নিশ্চিত করতে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান।
ব্রিফিং শেষে পুলিশ সুপার নির্বাচন ডিউটিতে নিয়োজিত সকল সদস্যকে ধন্যবাদ জানান এবং তাদের সুস্বাস্থ্য ও সফলতা কামনা করেন।
ব্রিফিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার) মো. রাকিবুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. লিয়াকত আকবর, অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) আ.ন.ম. ইমরান খাঁন, সহকারী পুলিশ সুপার (চাটখিল সার্কেল) মনীষ দাস, সহকারী পুলিশ সুপার (হাতিয়া সার্কেল) নুরুল আনোয়ারসহ জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ ও নির্বাচন ডিউটিতে নিয়োজিত বাংলাদেশ পুলিশের সর্বস্তরের সদস্যরা।


















