প্রযুক্তিনির্ভর প্রস্তুতিতে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে কঠোর অবস্থানে আনসার-ভিডিপি
- আপডেট: ০৭:০৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৮০০৪
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সারাদেশে সুপরিকল্পিত ও প্রযুক্তিনির্ভর প্রস্তুতির মাধ্যমে সদস্য মোতায়েন সম্পন্ন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি)। নির্বাচন-সংশ্লিষ্ট অনিয়ম,দুর্নীতি ও রাজনৈতিক প্রভাব ঠেকাতে বাহিনী ‘জিরো টলারেন্স’নীতি বাস্তবায়ন করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন,২০২৪ সালের গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে বাহিনীতে প্রশাসনিক সংস্কার, প্রশিক্ষণ কাঠামোর আধুনিকায়ন এবং ডিজিটাল ব্যবস্থাপনা চালু করা হয়। এর ফলে নির্বাচনী দায়িত্ব প্রদানের নামে অর্থ আত্মসাৎ ও সুপারিশনির্ভর নিয়োগের মতো অনিয়ম কার্যকরভাবে নিয়ন্ত্রণ সম্ভব হয়েছে।
এবার প্রথমবারের মতো সম্পূর্ণ ডিজিটাল ডাটাবেজের মাধ্যমে ভোটকেন্দ্রে সদস্য মোতায়েন করা হয়েছে। কেন্দ্রভিত্তিক ডিজিটাল তালিকা প্রণয়ন,স্বয়ংক্রিয় যাচাই-বাছাই এবং প্রশিক্ষণপ্রাপ্ত সদস্য নির্বাচন—এই তিন স্তরের যাচাইয়ের মাধ্যমে দায়িত্ব প্রদান করা হয়। ফলে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব, সুপারিশ বা আর্থিক লেনদেনের সুযোগ রাখা হয়নি বলে দাবি বাহিনীর।
প্রযুক্তিনির্ভর যাচাইয়ের ফল হিসেবে বিভিন্ন এলাকায় অনিয়ম শনাক্ত করা হয়েছে। চট্টগ্রামের কোতোয়ালী থানায় দায়িত্বপ্রাপ্ত ১৩ জন সদস্য প্রশিক্ষণপ্রাপ্ত না হওয়ায় AVMIS সফটওয়্যারের মাধ্যমে শনাক্ত করে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
এছাড়া রাজধানীর গুলশান ও ভাটারা এলাকায় দায়িত্বপ্রাপ্ত দুইজন দলনেত্রীর ক্ষেত্রে রাজনৈতিক নিরপেক্ষতা যাচাইয়ের সময় একটি রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পাওয়া গেলে নীতিমালা অনুযায়ী তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় নির্বাচনী দায়িত্বের নামে অর্থ গ্রহণের অভিযোগ শনাক্ত হওয়ার পর তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একইভাবে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় আনসার সদস্য পরিচয়ে প্রতারণার ঘটনা ডিজিটাল পরিচয় যাচাই ব্যবস্থার মাধ্যমে উদ্ঘাটিত হয়েছে।
আনসার-ভিডিপি সূত্র আরও জানায়,AVMIS সফটওয়্যার, কিউআর কোডসংযুক্ত পরিচয়পত্র এবং STDMS সফটওয়্যারের মাধ্যমে নির্বাচনী ভাতা ও আনুষঙ্গিক সুবিধা সরাসরি বিতরণের ফলে ভুয়া পরিচয়, দায়িত্ব প্রদানের নামে অর্থ আত্মসাৎ এবং প্রভাব বিস্তারের সুযোগ উল্লেখযোগ্যভাবে কমেছে।
বাহিনীর কর্মকর্তারা বলেন,স্বচ্ছ প্রক্রিয়া,প্রযুক্তির কার্যকর প্রয়োগ এবং কঠোর তদারকির মাধ্যমে একটি গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা সম্ভব। এই উদ্যোগ ভবিষ্যৎ নির্বাচনী ব্যবস্থাপনায়ও একটি টেকসই ও দুর্নীতিমুক্ত মানদণ্ড স্থাপন করবে বলে তারা আশা প্রকাশ করেন।


















