যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নের মাধ্যমে জনগণের দুর্ভোগ কমাতে কাজ করবো: রবিউল আলম
- আপডেট: ০৫:৪৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৮০৪৭
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাষ্ট্রীয় অর্থের অপচয় রোধ,জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং দুর্নীতিমুক্ত, সেবাধর্মী ও জনবান্ধব মন্ত্রণালয় গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী শেখ রবিউল আলম।
বুধবার(১৮ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ সচিবালয়ে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়গুলোর নবনিযুক্ত প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ও মো. রাজিব আহসান।
মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের যোগাযোগ খাতের গুরুত্বপূর্ণ তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে যে আস্থা রেখেছেন, তা সঠিকভাবে বাস্তবায়নে তিনি ও তার সহকর্মীরা সর্বোচ্চ চেষ্টা করবেন।
তিনি বলেন, তিনটি মন্ত্রণালয়ই সরাসরি সাধারণ মানুষের জীবন-জীবিকার সঙ্গে সম্পৃক্ত। আমরা যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নের মাধ্যমে জনগণের দুর্ভোগ কমাতে কাজ করবো।
তিনি আরও বলেন, জনগণের অর্থ যেন সঠিকভাবে জনগণের প্রয়োজনেই ব্যয় হয়, সেটি নিশ্চিত করা হবে অগ্রাধিকার। সব প্রতিষ্ঠানকে দুর্নীতি ও সিন্ডিকেটমুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। “কথায় নয়, কাজে প্রমাণ দিতে চাই—সত্যিকার অর্থে সেবাধর্মী ও জনবান্ধব মন্ত্রণালয় গড়াই আমাদের লক্ষ্য,” যোগ করেন তিনি।
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, জনগণ যে ম্যান্ডেট দিয়ে তাদের নির্বাচিত করেছেন, তা বাস্তবায়নই হবে প্রধান উদ্দেশ্য। দেশের স্বার্থে নিজেদের সর্বোচ্চ উৎসর্গ করার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।
অপর প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেন, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়গুলোকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সেবাধর্মী করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
তিনি বলেন, জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিদান আমরা কর্মের মাধ্যমে দিতে চাই। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্তের সূচনা করতে চাই।
দায়িত্ব গ্রহণের আগে সচিবালয়ে নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের ফুল দিয়ে বরণ করে নেন সংশ্লিষ্ট সচিবরা। পরে তারা সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন এবং দেশের পরিবহন খাতের উন্নয়ন ও সেবার মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।




















