চাঁদা না দিতে পুলিশের মাইকিং, সঙ্গে ছিলেন হাতকড়াসহ ‘চাঁদাবাজ’
- আপডেট: ০৮:৫২:২২ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৮০১১
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মোহাম্মদপুরে চাঁদার দাবিতে একাধিক ব্যবসায়ীকে হুমকি দেওয়ার অভিযোগে স্থানীয়ভাবে সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবে পরিচিত ফারুক ওরফে কালা ফারুক নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে হাতকড়া পরানো অবস্থায় তাকে নিয়ে চাঁদাবাজির বিরুদ্ধে মাইকিং করা হয়েছে।
রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে কেরানীগঞ্জ থানার কলাতিয়া এলাকায় অভিযান চালিয়ে ফারুককে গ্রেফতার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন জানান, মোহাম্মদপুর থানার বসিলা গার্ডেন সিটি ও আশপাশের এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে চাঁদার দাবিতে হুমকি দিয়ে আসছিলেন ফারুক ও তার সহযোগীরা। সম্প্রতি এক ব্যবসায়ী অভিযোগ দিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে কাজ শুরু করে পুলিশ। এরই মধ্যে তার হুমকি দেওয়ার একাধিক সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, ‘ফারুক স্থানীয় চিহ্নিত চাঁদাবাজ। তাকে নিয়েই আমরা চাঁদাবাজির বিরুদ্ধে মাইকিং করেছি। ফারুককে দেখিয়ে আমরা স্থানীয় সন্ত্রাসী, চাঁদাবাজ ও দখলবাজদের বার্তা দিতে চাই। অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না।’
অভিযান সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, বসিলায় দোকান ও মার্কেটে গিয়ে চাঁদার দাবিতে হুমকি দেওয়ার বিষয়টি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আত্মগোপনে চলে যান ফারুক। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কেরানীগঞ্জের কলাতিয়া এলাকায় ধলেশ্বরী নদীর তীর থেকে তাকে গ্রেফতার করা হয়।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেজবাহ উদ্দিন আহমেদ এলাকায় ফারুককে সঙ্গে নিয়ে মাইকিং করেন। প্রচারে তিনি বলেন, ‘আপনারা কাউকে চাঁদা দেবেন না। এই দেখেন চাঁদাবাজকে ধরেছি। কোথাও চাঁদাবাজ পেলে তাকে ধরে আমাদের খবর দেবেন।’


















