“আমি সেবক, এমপি সাড়ে চার লাখ মানুষ”— ড. মাসুদ
- আপডেট: ০২:৪৪:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৮০০৭
বাউফলে জনসমুদ্রে শুকরিয়া সমাবেশ
আল রাফি (পটুয়াখালী) বাউফল প্রতিনিধি:
বিপুল ভোটে বিজয়ের পর পটুয়াখালীর বাউফল উপজেলার ঐতিহাসিক পাবলিক মাঠে আয়োজিত শুকরিয়া সমাবেশ রূপ নেয় জনসমুদ্রে। রোববার (২২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
তিনি বলেন, “আমি আপনাদের সেবক। প্রকৃত এমপি হচ্ছেন বাউফলের সাড়ে চার লক্ষ মানুষ। আপনারা ব্যক্তি মাসুদকে নয়— ইনসাফভিত্তিক, চাঁদাবাজমুক্ত, মাদকমুক্ত ও দুর্নীতিমুক্ত বাউফল গড়ার পক্ষে রায় দিয়েছেন।
বাউফলবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “অনেকে আমার জন্য দোয়া করেছেন, রোজা রেখেছেন, হামলা-মামলার শিকার হয়েছেন— তবুও বিজয় ছিনিয়ে এনেছেন। আল্লাহ আমাদের নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন।”
তিনি অভিযোগ করেন, বিভিন্ন ঘটনাকে বিকৃতভাবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ভিডিও ছড়ানো হচ্ছে। তবে জনগণ এসব অপপ্রচারে বিভ্রান্ত হবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “সঠিক তথ্য তুলে ধরুন। অন্যথায় সাংবাদিকতা ছেড়ে রাজনীতির মঞ্চে চলে আসুন।”
ইশতেহারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে এমপি মাসুদ জানান, ৬০ দিনের মধ্যে মাদক এবং ৯০ দিনের মধ্যে দুর্নীতি নির্মূলে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। এ লক্ষ্যে ইতোমধ্যে পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সমাজ থেকে চাঁদাবাজি, মাদক ও দুর্নীতি নির্মূলে সবার ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “যেমন একজন মালী বাগান রক্ষায় সতর্ক থাকে, তেমনি বাউফলবাসীকেও সতর্ক থাকতে হবে— যেন কোনো অপশক্তি উন্নয়নের পথে বাধা হতে না পারে।”
উপজেলা আমির মাওলানা মো. ইসহাক মিয়ার সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের নেতৃবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। সমাবেশ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। নবনির্বাচিত সংসদ সদস্যকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।























