সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সরকার বদ্ধপরিকর
- আপডেট: ০৫:৪২:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৮০১২
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামসুল ইসলাম প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর শের-ই-বাংলা নগরে অবস্থিত প্রতিরক্ষা মন্ত্রণালয় তিনি পরিদর্শন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আইএসপিআর।
আইএসপিআর জানায়, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষার উপদেষ্টা প্রতিরক্ষা মন্ত্রণালয়ে এলে সচিব মো. আশরাফ উদ্দিন তাকে স্বাগত জানান। এ সময় প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কর্মরত সব কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
উপদেষ্টাকে প্রতিরক্ষা সচিব প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকাণ্ড, উল্লেখযোগ্য সাফল্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। পরে উপদেষ্টা উপস্থিত সবার উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে উল্লেখ করেন যে, সশস্ত্র বাহিনীর সম্প্রসারণ ও আধুনিকায়নের কার্যক্রমগুলো বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। বর্তমান সরকার দেশের প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় করণের জন্য কাজ করবেন। এ সময় তিনি সরকারের নির্বাচনী ওয়াদা পূরণকল্পে মন্ত্রণালয়ের সবাই আন্তরিকভাবে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সামরিক ও বেসামরিক প্রতিষ্ঠানসমূহের সক্ষমতা বৃদ্ধি, স্বাধীন-সার্বভৌম, আধুনিক ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার প্রচেষ্টায় প্রতিরক্ষা মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। উপদেষ্টা তার বক্তব্যের পর প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে দাপ্তরিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।




















