কক্সবাজারে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ ডাকাত প্রধান জাহাঙ্গীর আটক, ৪ জেলে উদ্ধার
- আপডেট: ০৮:৪১:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৮০১৩
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
বাংলাদেশ কোস্ট গার্ড কক্সবাজারের মহেশখালী থানাধীন সোনাদিয়া চর সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীর (২৮) ও তার ৮ সহযোগীকে আটক করেছে। এ সময় ডাকাতদের কবলে পড়া ৪ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে “এফ বি মায়ের দোয়া-৩” নামের একটি ফিশিং বোট ডাকাতির কবলে পড়ে। পরে জরুরি সেবা নম্বর ১৬১১১–এর মাধ্যমে কোস্ট গার্ডকে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার ও মহেশখালী যৌথভাবে অভিযান শুরু করে।
অভিযান চলাকালে একটি সন্দেহজনক ফিশিং বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি পালানোর চেষ্টা করে। পরে আভিযানিক দল বোটটিকে থামানোর উদ্দেশ্যে ৫ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে ধাওয়া করে এবং অবশেষে আটক করতে সক্ষম হয়।
আটক বোটে তল্লাশি চালিয়ে ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৪ রাউন্ড তাজা কার্তুজ ও ৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। একইসঙ্গে জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ৯ জনকে আটক করা হয়। এ সময় ডাকাতদের কবলে থাকা ৪ জেলেকে উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সমুদ্রে ডাকাতির সঙ্গে জড়িত ছিল। উদ্ধার হওয়া জেলে, ফিশিং বোট ও জব্দকৃত আলামতসহ আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
কোস্ট গার্ড জানিয়েছে, উপকূলীয় এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




















