কক্সবাজারে পর্যটক নিরাপত্তায় তৎপর টুরিস্ট পুলিশ, তবে অপপ্রচারের অভিযোগ স্বার্থান্বেষী মহলের বিরুদ্ধে
- আপডেট: ১২:২৪:০১ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
- / ১৮১০৯
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
কক্সবাজার সমুদ্রসৈকতে অবৈধ দখল ও চাঁদাবাজদের বিরুদ্ধে চলমান অভিযানে বাধা দিতে একটি মহল অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছে টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন।
সোমবার (০২ মার্চ) সংবাদমাধ্যমে পাঠানো টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি একটি স্থানীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে টুরিস্ট পুলিশের বিরুদ্ধে অনৈতিক আর্থিক সম্পৃক্ততার যে অভিযোগ তোলা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। এ ধরনের সংবাদ চলমান আইনশৃঙ্খলা রক্ষার কার্যক্রম ব্যাহত করার অপচেষ্টা বলেও দাবি করা হয়।
টুরিস্ট পুলিশ জানায়, সমুদ্রসৈকতে অবৈধ বিচ দখল, চাঁদাবাজি, স্পা সেন্টারের অনিয়ম এবং কটেজ জোনের বিধিবহির্ভূত কার্যক্রমের বিরুদ্ধে তারা ধারাবাহিক অভিযান পরিচালনা করছে। এসব অভিযানে ক্ষতিগ্রস্ত একটি পক্ষ নিজেদের স্বার্থ হাসিলে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে ভুল ধারণা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করা হয়েছে।
বিবৃতিতে সংশ্লিষ্টদের প্রকাশিত সংবাদের সপক্ষে প্রমাণ উপস্থাপনের আহ্বান জানানো হয়।
টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন জানায়, পর্যটকদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জানা গেছে, ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ-এর নেতৃত্বে সাম্প্রতিক সময়ে সৈকত এলাকায় শৃঙ্খলা ফেরাতে একাধিক কার্যকর অভিযান পরিচালিত হয়েছে বলে জানানো হয়। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা, সৈকত দখলমুক্ত রাখা এবং চাঁদাবাজি দমনে তার সক্রিয় ভূমিকা ইতোমধ্যে প্রশংসিত হয়েছে। কিন্তু কঠোর অবস্থানের কারণে একটি মহল ব্যক্তি সুবিধা না পেয়ে অসন্তুষ্ট হয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে। তবে এসব অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানায় টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন।




















