সাভারে ফিজিওথেরাপি ও পুনর্বাসন ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর, কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন
- আপডেট: ০৭:৫৭:৪১ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
- / ১৮০০৯
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান সাভার ও কুমিল্লা সেনানিবাস সফর করে দুটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের কার্যক্রমের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।
রবিবার (১৫ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাবাহিনী প্রধান প্রথমে সাভার সেনানিবাস সংলগ্ন আর্মি ইনস্টিটিউট অব ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ২০০ শয্যাবিশিষ্ট এই প্রতিষ্ঠানে স্নায়ুরোগ ও পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তি, বিশেষ চাহিদাসম্পন্ন শিশু, অভিযানিক দায়িত্বে ও বিভিন্ন দুর্ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হবে।
এ প্রতিষ্ঠানে প্রচলিত ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি এবং স্পিচ ও ল্যাঙ্গুয়েজ থেরাপির পাশাপাশি আধুনিক রোবোটিক পুনর্বাসন চিকিৎসা চালুর পরিকল্পনা রয়েছে।
পরে সেনাবাহিনী প্রধান কুমিল্লা সেনানিবাসের সন্নিকটে আর্মি মেডিকেল কলেজ, কুমিল্লার নবনির্মিত স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন করেন এবং ৫০০ শয্যাবিশিষ্ট আর্মি মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
আইএসপিআর জানায়, ২০১৫ সালের ১১ জানুয়ারি কুমিল্লা সেনানিবাসের নিজস্ব স্থানে এরিয়া সদর দপ্তর কুমিল্লা কর্তৃক প্রদত্ত ৫ একর জমির ওপর আর্মি মেডিকেল কলেজ, কুমিল্লার একাডেমিক কার্যক্রম শুরু হয়। বর্তমানে কুমিল্লা সেনানিবাসের সন্নিকটে ৭ দশমিক ০৭ একর জমির ওপর নিজস্ব অর্থায়নে নির্মিত স্থায়ী ক্যাম্পাসের কার্যক্রম শুরু হলো।
বর্তমানে এ কলেজে ২৫০ জন শিক্ষার্থী অধ্যয়নরত। প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত ছয়টি ব্যাচ থেকে মোট ২৮৩ জন শিক্ষার্থী চিকিৎসক হিসেবে উত্তীর্ণ হয়ে দেশ ও বিদেশে কর্মরত রয়েছেন।
এ ছাড়া আগামী শিক্ষাবর্ষ থেকে কলেজটির স্থায়ী ক্যাম্পাসে বিদেশি শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।



















