টেকনাফে ৫০ হাজার পিস ইয়াবাসহ আটক ২
- আপডেট: ১১:২৭:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
- / ১৮০০৪
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ৫৫ লাখ টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (২ এপ্রিল ) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার (১ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী টেকনাফ থানার সাবরাং কাটাবুনিয়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি সন্দেহজনক মোটরসাইকেলকে থামার সংকেত দিলে আরোহীরা দ্রুত পালানোর চেষ্টা করে।
পরে কোস্ট গার্ডের আভিযানিক দল ধাওয়া করে মোটরসাইকেলসহ দুইজনকে আটক করতে সক্ষম হয়। এ সময় তাদের কাছে থাকা একটি বস্তা তল্লাশি করে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ২ কোটি ৫৫ লাখ টাকা।
আটক ব্যক্তিদের কাছ থেকে উদ্ধারকৃত ইয়াবা ও পাচারে ব্যবহৃত মোটরসাইকেলসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ড জানায়, মাদক পাচার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।














