অবৈধ সম্পদ অর্জনের দায়ে দুদকের জালে কারিগরি শিক্ষা অধিদপ্তরের সহকারি পরিচালক সুলতানা মেহেরুনা জামান
- আপডেট: ০৭:২২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
- / ১৮০০৫
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
দুদকের অনুসন্ধানে কারিগরি শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ।
কারিগরি শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তার বিরুদ্ধে নামে-বেনামে কোটি কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ লক্ষ্যে সংশ্লিষ্ট বিভিন্ন সাব-রেজিস্ট্রি অফিসে চিঠি দিয়ে প্রয়োজনীয় তথ্য ও দলিলপত্র চাওয়া হয়েছে।
দুদকের প্রধান কার্যালয় সূত্রে জানা গেছে, সহকারী পরিচালক সুলতানা মেহেরুনা জামানের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাইয়ের জন্য একজন অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। অনুসন্ধানের স্বার্থে তার এবং তার পরিবারের সদস্যদের নামে থাকা স্থাবর সম্পদের তথ্য সংগ্রহ করা হচ্ছে।
দুদকের পাঠানো চিঠিতে বলা হয়, সুলতানা মেহেরুনা জামান, তার স্বামী অলি আহমদ মোল্লা এবং সন্তানদের নামে দেশের বিভিন্ন স্থানে জমি, প্লট, ফ্ল্যাট, বাড়ি বা দোকান রেজিস্ট্রেশন হয়ে থাকলে তার সার্টিফাইড কপি নির্ধারিত সময়ের মধ্যে পাঠাতে হবে।
এ জন্য ঢাকা জেলার নবাবগঞ্জ, তেজগাঁও, সূত্রাপুর, উত্তরা, সদর, পল্লবী, মোহাম্মাদপুর, মিরপুর, খিলগাঁও, কেরানীগঞ্জ (উত্তর ও দক্ষিণ) এবং গুলশানসহ একাধিক সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে চিঠি পাঠানো হয়েছে।
দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তা তানভীর হোসেন স্বাক্ষরিত চিঠিতে আগামী নির্ধারিত সময়সীমার মধ্যে এসব তথ্য বিনা খরচে সরবরাহের অনুরোধ জানানো হয়েছে।
দুদক কর্মকর্তারা জানিয়েছেন, প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই শেষে অভিযোগের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


















