বাধ্যতামূলক অবসরে পুলিশের ঊর্ধ্বতন আরো ১৭ কর্মকর্তা
- আপডেট: ০৭:২৯:১৮ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
- / ১৮০০৩
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
বিসিএস পুলিশ ক্যাডারের ১৭ জন জ্যেষ্ঠ কর্মকর্তাকে জনস্বার্থে বাধ্যতামূলক অবসর দিয়েছে সরকার। রবিবার (০৩ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
সরকারি চাকরি আইন, ২০১৮–এর ৪৫ ধারার বিধান অনুযায়ী তাদের এ অবসর দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, অবসরপ্রাপ্ত কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সব সুবিধা পাবেন এবং এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
অবসরপ্রাপ্তদের মধ্যে আছেন ডিআইজি পদমর্যাদার একাধিক কর্মকর্তা, বিভিন্ন ইউনিটের প্রধান এবং মেট্রোপলিটন পুলিশ কমিশনার। তাদের মধ্যে রয়েছেন— এন্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, হাইওয়ে পুলিশের ডিআইজি ইমতিয়াজ আহমেদ, সিআইডির ডিআইজি হাবিবুর রহমান, পুলিশ অধিদপ্তরের ডিআইজি সালেহ মোহাম্মদ তানভীর, এনএসআইয়ের পরিচালক হারুন-অর-রশীদ এবং পুলিশ স্টাফ কলেজের ডিআইজি এস এম আক্তারুজ্জামান।
এ ছাড়া অবসরে গেছেন পিটিসি নোয়াখালীর কমান্ড্যান্ট হায়দার আলী খান, পিটিসি খুলনার কমান্ড্যান্ট মাহবুবুর রহমান ভূইয়া, ট্যুরিস্ট পুলিশের ডিআইজি রুহুল আমিন, হাইওয়ে পুলিশের ডিআইজি রফিকুল হাসান গনি, নৌ-পুলিশের ডিআইজি মিজানুর রহমান এবং রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মজিদ আলী।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, পুলিশ অধিদপ্তরের ডিআইজি কাজী জিয়া উদ্দিন, রেলওয়ে পুলিশের ডিআইজি গোলাম রউফ খান, পিটিসি রংপুরের কমান্ড্যান্ট রেজাউল হায়দার, হাইওয়ে পুলিশের ডিআইজি রখফার সুলতানা খানম এবং রেলওয়ে পুলিশের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদমর্যাদা) ফারহাত আহমেদও অবসরপ্রাপ্তদের তালিকায় রয়েছেন।
এর আগে গত ২২ এপ্রিল পুলিশের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার। তারা হলো– পুলিশ স্টাফ কলেজ ঢাকার ডিআইজি ড. এ এফ এম মাসুম রব্বানী, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. সাখাওয়াত হোসেন, রংপুর পিটিসির কমান্ড্যান্ট মো. আশরাফুজ্জামান, এন্ট্রি টেরোরিজম ইউনিটের ডিআইজি এ জেড এম নাফিউল ইসলাম, নৌ পুলিশের ডিআইজি মোহাম্মদ আবুল ফয়েজ, এন্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি মো. মনিরুল ইসলাম, পুলিশ অধিদপ্তরের ডিআইজি মাহফুজুর রহমান, এপিনিএন হেডকোয়ার্টারের ডিআইজি মো. মুনিবুর রহমান, রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল হোসেন, পুলিশ অধিদপ্তরের ডিআইজি শামীমা বেগম, শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. আবু কালাম সিদ্দিক, পুলিশ টেলিকমের ডিআইজি মো. আমিনুল ইসলাম ও এপিবিএন এর ডিআইজি সালমা বেগম।


















