ঢামেক ও সোহরাওয়ার্দীতে হারানো দুই শিশু উদ্ধার,মায়ের কোলে ফিরিয়ে দিলো আনসার সদস্যরা
- আপডেট: ০৮:১৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
- / ১৮০০১
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পৃথক ঘটনায় হারিয়ে যাওয়া দুই শিশু দ্রুত উদ্ধার করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে অঙ্গীভূত আনসার সদস্যরা।
আজ রবিবার (০৩ মে) রাতে আনসার সদর দফতরের উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন
তিনি জানান, আজ বিকাল সাড়ে ৩ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন ভবনের ২১৩ নম্বর ওয়ার্ড থেকে সাদ্দাম (৫) নামে এক শিশু হঠাৎ হারিয়ে যায়। বিষয়টি জানতে পেরে টহলরত পিসি মো. আহাদ, আনসার মো. ইনছাব এবং মহিলা আনসার নুপুর আক্তার তাৎক্ষণিকভাবে খোঁজ শুরু করেন। প্রায় ৩০ মিনিটের অনুসন্ধানের পর শিশুটিকে হাসপাতালের নিচতলা থেকে উদ্ধার করা হয়। পরে যাচাই-বাছাই শেষে শিশুটিকে তার মা আজুফা বেগমের কাছে হস্তান্তর করা হয়।
একই দিনে দুপুর দেরটায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা সেবা গ্রহীতার কাছ থেকে জুয়ারী আক্তার (৩) নামে আরেক শিশু হারিয়ে যায়।
এপিসি মো. রাজিব হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের আনসার দল দ্রুত তৎপর হয়ে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে খোঁজ চালায়। পরে ৬৩২ নম্বর ওয়ার্ড থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
পরবর্তীতে যথাযথ পরিচয় যাচাই শেষে শিশুটিকে তার মা সাদীয়া আক্তারের কাছে হস্তান্তর করা হয়।
হাসপাতালের মতো জনবহুল স্থানে শিশু হারিয়ে যাওয়ার ঘটনায় পরিবারগুলো চরম উদ্বেগের মধ্যে পড়ে। তবে আনসার সদস্যদের দ্রুত ও কার্যকর তৎপরতায় শিশু ফিরে পাওয়ায় উভয় পরিবার স্বস্তি প্রকাশ করে এবং কৃতজ্ঞতা জানায়। হাসপাতাল কর্তৃপক্ষও তাদের দায়িত্বশীল ও মানবিক ভূমিকার প্রশংসা করেন।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক সদস্যদের পেশাদারিত্ব, মানবিকতা ও জনসেবামূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখার নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে।


















