পদকের প্রজ্ঞাপন জারির বিষয়ে যা জানালো পুলিশ সদরদপ্তর
- আপডেট: ০৮:০৪:০৪ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
- / ১৮১১১
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
সম্প্রতি পুলিশ পদকের প্রজ্ঞাপন জারি নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে ‘ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’ বলে জানিয়েছে পুলিশ সদরদপ্তর। বিশেষ করে “রাষ্ট্রপতি বিদেশে থাকায় পুলিশ পদকের জিও করা সম্ভব হয়নি”— এমন বক্তব্য কোনো দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা দেননি বলে দাবি করা হয়েছে।
রবিবার (১০ মে) রাতে পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক ব্যাখ্যায় বলা হয়, বাংলাদেশ পুলিশের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা এ ধরনের মন্তব্য করেননি। সংশ্লিষ্ট প্রতিবেদনে এক কর্মকর্তাকে উদ্ধৃত করে যে বক্তব্য প্রকাশ করা হয়েছে তা সঠিক নয় এবং বিভ্রান্তিকর।
পুলিশ সদরদপ্তর জানায়, পুলিশ পদকের প্রজ্ঞাপন জারি সংক্রান্ত প্রয়োজনীয় প্রশাসনিক ও প্রক্রিয়াগত কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা প্রজ্ঞাপন জারির আগেই অনুমাননির্ভর বক্তব্য প্রচার করলে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে।
এ কারণে সংশ্লিষ্ট বিষয়ে যথাযথ তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের জন্য গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছে পুলিশ সদরদপ্তর।




















