পুনাক সমাজের বিভিন্ন পর্যায়ে অবদান রাখছে : ডা. জুবাইদা রহমান
- আপডেট: ০৫:১২:৫৬ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
- / ১৮০০৩
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ডা. জুবাইদা রহমান বলেছেন, অতীত, বর্তমান ও ভবিষ্যতের উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) কর্তৃক গৃহীত সমাজসেবামূলক সুপরিকল্পনাগুলো সমন্বিতভাবে একটি সুন্দর, সুস্থ ও মানবিক সমাজ গঠনের ভিত্তি হিসেবে কাজ করছে।
সোমবার (১১ মে) সকালে রাজারবাগ পুলিশ লাইনস-এর বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত পুনাকের বার্ষিক সমাবেশ ও আনন্দ মেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ডা. জুবাইদা রহমান আরও বলেন, কন্যাশিশুদের নিরাপত্তা ও মানবিক বিকাশ নিশ্চিতের মাধ্যমে প্রতিটি মেয়ে যেন নিজের ভবিষ্যৎ গড়ে তুলতে পারে—রাষ্ট্রব্যবস্থা সেই লক্ষ্য বাস্তবায়নে অগ্রসর হচ্ছে।
তিনি পুনাক সদস্যদের নিরলস সমাজসেবামূলক কার্যক্রমের প্রশংসা করেন এবং বলেন, নারীরা তাদের অবদান ও প্রচেষ্টার মাধ্যমে সমাজের বিভিন্ন পর্যায়ে ইতিবাচক পরিবর্তন আনছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুনাক সহ-সভানেত্রী সাবিনা আওলাদ। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী হাসিনা আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সহধর্মিণী রওশন আরা শিল্পী এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সাবিনা আওলাদ। পুনাকের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদিকা কানিজ ফাতেমা এবং সভাপতির লিখিত বক্তব্য পাঠ করেন তিনি।
এছাড়া অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মেধাবৃত্তি ও কম্পিউটার প্রশিক্ষণে কৃতিত্ব অর্জনকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।
পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত পুনাক মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন জেলা পুনাক স্টলের মধ্যে প্রথম হয়েছে সাতক্ষীরা জেলা পুনাক, দ্বিতীয় রাজশাহী জেলা পুনাক এবং তৃতীয় লালমনিরহাট জেলা পুনাক।
প্রধান অতিথি কৃতি শিক্ষার্থী ও বিজয়ী স্টলগুলোর হাতে সনদ ও পুরস্কার তুলে দেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে।



















