মিরপুরে চালককে হত্যা করে অটোরিক্সা ছিনতাই: চক্রের মূলহোতাসহ গ্রেফতার ৫
- আপডেট: ০৪:২৫:৪১ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
- / ১৮০০৩
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মিরপুরের রূপনগরে জানে আলম (৪০) নামের এক চালককে হত্যা করে তার অটোরিক্সা ছিনতাইয়ের ঘটনায় চক্রের মূল হোতাসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে র্যাব-৪।
গ্রেফতারকৃতরা হলেন- মো. রানা (২৫), মো. আবু হানিফ (২৭), মো. মিনহাজ (২২), মো. কুরবান আলী (২৭) এবং মো. সিয়াম (২১)।
বুধবার (২০ মে) বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব ৪ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এন. রায় রায় নিয়তি।
তিনি জানান, গত ১৬ মে রূপনগর থানাধীন বেড়িবাঁধ এলাকার পেপসির মোড় সংলগ্ন পাঁকা রাস্তার ঢালে একটি বস্তাবন্দি অর্ধ-গলিত অজ্ঞাত লাশ পাওয়া যায়। পরে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে সিআইডি অজ্ঞাত লাশটির পরিচয় শনাক্ত করে। তিনি ছিলেন অটোরিক্সা চালক জানে আলম। এই ঘটনায় নিহতের বোন রূপনগর থানায় একটি হত্যা মামলা করে। এই মামলার ছায়া তদন্ত করে মঙ্গলবার (১৯ মে) ঢাকা ও টঙ্গীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে হত্যাকান্ডের সঙ্গে জড়িত পাঁচ জনকে গ্রেফতার করা হয়। পাশাপাশি ছিনতাই হওয়া অটোরিক্সাটিও উদ্ধার করা হয়।
হত্যাকান্ডের বিষয়ে তিনি বলেন, এই ঘটনার সাথে ৫-৬ জন জড়িত ছিল। যার পরিকল্পনা মূলত টঙ্গীতে করা হয়। গ্রেফতারককৃত পরস্পর বন্ধু এবং তারা নিয়মিত ছোট-খাটো চুরি ছিনতাইয়ের সাথে জড়িত ছিল। তারা পরিকল্পনা করে একটি অটো রিক্সা ছিনতাইয় করবে, যা করতে পারলে তাদের ভাল টাকা পয়সা আসবে। পরিকল্পানা মোতাবেক গত ১৩ মে রাতে রানা, মিনহাজ, কুরবান, আবু হানিফসহ চক্রের বাকি সদস্যরা দিয়াবাড়ীতে মিলিত হয়। তারা মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করে একটি উপযুক্ত টার্গেট খোঁজার চেষ্টা করে।
তিনি আরো বলেন, আনুমানিক রাত ১ টার দিকে রানা দিয়াবাড়ীতে একটি অটো রিক্সা ভাড়া করে। অটো রিক্সায় উঠে তারা চালককে বেড়িবাঁধ এলাকার দিকে যেতে বলে।
পরিকল্পনা মোতাবেক তারা অটোরিক্সা চালককে একটি নির্জন জায়গায় থামতে বলে। চালক অটো রিক্সা থামালে রানাসহ তার বাকি সহযোগীরা মিলে সুকৌশলে গামছা দিয়ে চালকের শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করে।
পরবর্তীতে চালকের লাশটি কম্বল মুড়িয়ে বস্তার ভিতরে ভরে বেশ কয়েকটি জায়গায় লাশ ফেলানোর চেষ্টা করে ব্যর্থ হওয়ায় বেড়িবাঁধ পেপসির মোড় সংলগ্ন পাঁকা রাস্তার ঢালে ফেলে দেয়। পরবর্তীতে অটো রিক্সা ও ভিকটিমের মোবাইল নিয়ে তারা টঙ্গীর উদ্দেশ্যে রওনা করে। টঙ্গীতে চোরাই অটো রিক্সা বেচাকেনা চক্রের নিকট ৪০ হাজার টাকার বিনিময়ে অটো রিক্সাটি বিক্রি করে দেয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানা এবং গাজীপুরে ডাকাতি, ছিনতাই, চুরি, অপহরণসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।



















