সুন্দরবনে ‘চাচা-ভাইরপো’ ডাকাত দল গঠনের চেষ্টা: কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ দুই সদস্য আটক
- আপডেট: ০৪:২০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
- / ১৮০০৪
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
সুন্দরবনে নতুন ডাকাত দল গঠনের প্রাক্কালে আত্মসমর্পণকৃত ‘ছোট সুমন বাহিনী’র দুই সক্রিয় সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, সরকারের নির্দেশনায় সুন্দরবন অঞ্চলে সক্রিয় বনদস্যু নির্মূলে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” এবং “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এর ধারাবাহিকতায় অষ্টম বারের মতো পরিচালিত অভিযানে এ সফলতা অর্জিত হয়।
গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, আত্মসমর্পণে অনিচ্ছুক দুই ব্যক্তি ‘চাচা-ভাইরপো’ নামে নতুন ডাকাত দল গঠন করে সুন্দরবনে পুনরায় সক্রিয় হওয়ার পরিকল্পনা করছিল। তারা রূপসা খেয়াঘাট ও কাটাখালীর মোড় এলাকায় অবস্থান করছিল।
এরই ভিত্তিতে ২৫ মে সন্ধ্যা ৭টায় কোস্ট গার্ড বেইস মোংলা অভিযান চালিয়ে মো. নাজমুল শেখ (৩৫) ও হানিফ শেখ (৪২)-কে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির উদ্দেশ্যে প্রস্তুতকৃত ‘চাচা-ভাইরপো’ নামের ৫০০টি কার্ড উদ্ধার করা হয়।
পরবর্তীতে তাদের দেওয়া তথ্য অনুযায়ী ২৬ মে সকাল ৬টায় কোস্ট গার্ড বেইস মোংলা ও পুলিশের যৌথ অভিযানে সুন্দরবনের সেলা নদীর বটতলার খাল এলাকায় তল্লাশি চালানো হয়। এ সময় ৩টি একনলা বন্দুক, ১টি পাইপ গান, ১টি খেলনা পিস্তল এবং ১৯ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
আটককৃতরা দীর্ঘদিন ধরে কুখ্যাত ‘ছোট সুমন বাহিনী’র সঙ্গে যুক্ত থেকে সুন্দরবনে ডাকাতি কার্যক্রম পরিচালনা করছিল বলে জানা গেছে। বাহিনীটি সম্প্রতি আত্মসমর্পণ করলেও তারা নতুন করে সংগঠিত হওয়ার চেষ্টা করছিল।
উদ্ধারকৃত অস্ত্র ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ড আরও জানায়, সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


















