দায়িত্ব নিলেন নোয়াখালীর নতুন এসপি এন এম নাসিরুদ্দিন
- আপডেট: ০৭:৩১:২৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
- / ১৮০০৯
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
নোয়াখালী জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এন এম নাসিরুদ্দিন। সোমবার (১৫ জুন) নোয়াখালী জেলার সদ্য বিদায়ী পুলিশ সুপার টি, এম, মোশাররফ হোসেনের নিকট থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।
এদিন দায়িত্বভার গ্রহণের আগে নোয়াখালী সার্কিট হাউজ প্রাঙ্গণে নবাগত এসপিকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে জেলা পুলিশের একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।
পরবর্তীতে নবাগত পুলিশ সুপার উপস্থিত জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণের সাথে কুশলাদি বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো.আরিফ হোসেনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
নবাগত পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন নোয়াখালী জেলায় আইন-শৃঙ্খলা রক্ষা ও জনসেবায় সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এর আগে গত বৃহস্পতিবার (১১ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এন এম নাসিরুদ্দিনকে নোয়াখালী জেলায় বদলি করে সরকার। এন এম নাসিরুদ্দিন বিসিএস পুলিশের ২৫তম ব্যাচের কর্মকর্তা।
বর্ণাঢ্য চাকুরী জীবনে তিনি বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে সুনাম ও দক্ষতার সহিত পেশাগত দায়িত্ব পালন করেন। নোয়াখালী জেলায় যোগদানের পূর্বে তিনি ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেন। ডিএমপির ডিবি ওয়ারী বিভাগে দায়িত্ব পালনকালে অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক উদ্ধার ও অপরাধীদের গ্রেফতারের মাধ্যমে বেশ দক্ষতার প্রমাণ দেন। যার ফলশ্রুতিতে একাধিকবার ডিএমপিতে সেরা ডিসির পুরস্কার পেয়েছেন তিনি।



















