নোয়াখালীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে পুলিশ সুপারের নির্দেশনা
- আপডেট: ০৩:৪৮:৪২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
- / ১৮০০৬
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
নোয়াখালী জেলার নবাগত পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের সভাপতিত্বে জেলা ট্রাফিক বিভাগের কর্মকর্তা ও সদস্যদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন) বেলা সাড়ে ১১ টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পুলিশ সুপার ট্রাফিক বিভাগের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে পরিচিত হন।
সভায় ট্রাফিক বিভাগের সদস্যরা মাঠপর্যায়ে দায়িত্ব পালনের অভিজ্ঞতা, বিদ্যমান সমস্যা, চ্যালেঞ্জ এবং সেবার মানোন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন। পুলিশ সুপার মনোযোগ সহকারে তাদের বক্তব্য শোনেন এবং বাস্তবসম্মত সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি নোয়াখালী জেলার সার্বিক ট্রাফিক ব্যবস্থাপনা আরও গতিশীল ও আধুনিক করার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ, যানজট নিরসন, ট্রাফিক আইন প্রয়োগ, জনসচেতনতা বৃদ্ধি এবং জনবান্ধব সেবা নিশ্চিত করার বিষয়ে তিনি সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।
পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়ক, বাজার এলাকা, শিক্ষাপ্রতিষ্ঠান সংলগ্ন স্থান ও জনসমাগমপূর্ণ এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দেন।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন।



















