মিরপুরে পৃথক অভিযান,ছিনতাইকারী ও মাদক কারবারিসহ গ্রেফতার ৩
- আপডেট: ১০:৩৮:৩১ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
- / ১৮০০৪
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মিরপুর এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে দুই ছিনতাইকারী এবং ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- মো. নাসিম শেখ (৪৩), সোহেল (৩৬) ও সম্রাট শেখ (৩২)।
শনিবার (১৮জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
মিরপুর মডেল থানার বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, গতকাল শুক্রবার (১৭ জুলাই) রাত মিরপুর মডেল থানাধীন দক্ষিণ পীরেরবাগ এলাকায় অভিযান পরিচালনা করে মো.নাসিম শেখকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি বলেন, একই দিন সন্ধ্যায় মিরপুর ১০ গোল চত্ত্বরে অভিযান পরিচালনা করে ছিনতাইকারী সোহেলকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে রাতে হোপের গলি এলাকায় অভিযান পরিচালনা করে ট্রাফিক-মিরপুর পুলিশের সহায়তায় সম্রাটকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় পৃথক দুইটি মামলা করা হয়। তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।



















