আদাবরে ডাকাতির প্রস্তুতি, দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৩
- আপডেট: ১১:১৫:০৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
- / ১৮০০৩
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর আদাবর থানাধীন মেহেদীবাগ হাউজিং খালপাড় এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো-মো. শাকিল (২৫), মো. নয়ন মাতুব্বর (২৮) ও মো. ইয়াছিন (২৫)।
শনিবার (১৮জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
আদাবর থানার বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, শনিবার (১৮ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মেহেদীবাগ হাউজিং খালপাড় এলাকায় কয়েকজন দুষ্কৃতিকারী সামুরাই, চাপাতি ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে আদাবর থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে দুপুরে তিনজনকে গ্রেফতার করে।
এ সময় তাদের কাছ থেকে ৩টি স্টিলের তৈরি চাপাতি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে তিনি বলেন, গ্রেফতারকৃতরা তাদের অন্যান্য সহযোগীদের নিয়ে গত শুক্রবার (১৭ জুলাই) রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটের দিকে আদাবর থানাধীন আদাবর ১৩ নম্বর রোডের মাথায় সংঘটিত একটি ছিনতাইয়ের ঘটনার সাথে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান এই কর্মকর্তা।



















