জাতীয় নিরাপত্তার জন্য সাইবার সক্ষমতা বাড়াতে হবে: প্রতিরক্ষা উপদেষ্টা
- আপডেট: ০২:১৬:০৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
- / ১৮০০৪
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম বলেছেন, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে সাইবার সক্ষমতা বৃদ্ধি এবং গবেষণালব্ধ উদ্ভাবনকে দেশীয় প্রযুক্তি ও পণ্যে রূপান্তর করতে হবে। একই সঙ্গে দক্ষ সাইবার জনবল গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি সংস্থা ও দেশীয় প্রযুক্তি খাতের মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সোমবার (২০ জুলাই) রাজধানীর মিরপুর সেনানিবাসে অবস্থিত মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান তাকে স্বাগত জানান।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পরিদর্শনের শুরুতে প্রতিরক্ষা উপদেষ্টা এমআইএসটির সাইবার রেঞ্জ ঘুরে দেখেন। সেখানে প্রতিষ্ঠানটির সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ, গবেষণা কার্যক্রম, দক্ষ জনবল তৈরির উদ্যোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তাকে ব্রিফ করা হয়। ব্রিফিংয়ে সাইবার ঝুঁকি মোকাবিলা, বাস্তব পরিস্থিতির অনুরূপ পরিবেশে প্রশিক্ষণ এবং দেশের গুরুত্বপূর্ণ তথ্য ও ডিজিটাল অবকাঠামো সুরক্ষায় সাইবার রেঞ্জের ভূমিকা তুলে ধরা হয়।
ড. শামছুল ইসলাম বলেন, বর্তমান বিশ্বে একটি দেশের নিরাপত্তা শুধু ভৌগোলিক সীমার মধ্যে সীমাবদ্ধ নয়; তথ্য, যোগাযোগব্যবস্থা ও গুরুত্বপূর্ণ ডিজিটাল অবকাঠামোর নিরাপত্তাও জাতীয় নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ।
পরিদর্শনের অংশ হিসেবে তিনি এমআইএসটির উদ্ভাবনী দল ম্যাভিরভের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের গবেষণা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত হন। পরে গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) শাখা প্রতিষ্ঠানটির পেটেন্ট ও উদ্ভাবনসংক্রান্ত বিভিন্ন কার্যক্রম উপস্থাপন করে।
এ সময় এমআইএসটির সাম্প্রতিক আন্তর্জাতিক সাফল্যের কথাও তুলে ধরা হয়। গত ২৩ থেকে ২৭ জুন কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডরে অনুষ্ঠিত ম্যাটেরভ ইন্টারন্যাশনাল আন্ডারওয়াটার রোবোট কম্পিটিশন ২০২৬-এ বিশ্বের ১৬টি দেশের ৭৭টি দলের মধ্যে এমআইএসটির দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
প্রতিরক্ষা উপদেষ্টা আরও বলেন, গবেষণার সাফল্য শুধু প্রতিবেদন বা প্রদর্শনীর মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। কার্যকর গবেষণাকে পেটেন্ট, ব্যবহারযোগ্য প্রযুক্তি ও দেশীয় পণ্যে রূপান্তর করতে পারলে দেশের প্রযুক্তিগত সক্ষমতা বাড়বে, বৈদেশিক নির্ভরতা কমবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
তিনি তরুণ উদ্ভাবকদের জন্য গবেষণা সুবিধা, প্রশিক্ষণ, পরামর্শ ও প্রাতিষ্ঠানিক সহায়তা জোরদারের পাশাপাশি জনকল্যাণ, দুর্যোগ মোকাবিলা, সাইবার নিরাপত্তা, স্বাস্থ্য, কৃষি ও শিল্প খাতের বাস্তব সমস্যা সমাধানে গবেষণা আরও সম্প্রসারণের আহ্বান জানান।
পরিদর্শনের শেষ পর্যায়ে প্রতিরক্ষা উপদেষ্টা ম্যাভিরভ দলের সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন। এ সময় এমআইএসটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




















