মাদক-সন্ত্রাস দমনে গোয়েন্দাভিত্তিক অভিযান জোরদারের নির্দেশ ঢাকা রেঞ্জ ডিআইজির
- আপডেট: ০৮:১৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
- / ১৮০০৫
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ঢাকা রেঞ্জের আওতাধীন ১৩ জেলার সার্বিক অপরাধ পরিস্থিতি, আইন-শৃঙ্খলা ব্যবস্থাপনা এবং অপরাধ দমন কার্যক্রম পর্যালোচনা করতে জুন মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অপরাধ দ্রুত উদ্ঘাটন, আসামি গ্রেফতার ,ওয়ারেন্ট তামিল এবং মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং দমনে গোয়েন্দাভিত্তিক ও সমন্বিত অভিযান জোরদারে পুলিশ সুপারদের নির্দেশ দিয়েছেন রেঞ্জ ডিআইজি মো. ইকবাল হোসেন।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ডিআইজি মো. ইকবাল হোসেন।
সভায় জুন মাসের অপরাধ পরিস্থিতি, বিভিন্ন গুরুত্বপূর্ণ সূচকের অগ্রগতি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। এ সময় ডিআইজি মো. ইকবাল হোসেন অপরাধ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে আরও কার্যকর, পেশাদার এবং জনবান্ধব পুলিশি কার্যক্রম পরিচালনার জন্য ইউনিট প্রধানদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
তিনি অপরাধের দ্রুত রহস্য উদ্ঘাটন, আসামি গ্রেফতার ,ওয়ারেন্ট তামিল এবং মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ দমনে গোয়েন্দা তথ্যনির্ভর অভিযান আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় উপস্থিত ছিলেন আরআরএফের কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) রুমানা আক্তার, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) এম এ জলিল, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মো. সায়ফুজ্জামান ফারুকী, অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স) মো. সিদ্দিকুর রহমান, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, টাঙ্গাইলের কমান্ড্যান্ট মোহা. ইমামুর রশীদ, ট্রাফিক ম্যানেজমেন্টের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সুলাইমান, ঢাকা রেঞ্জ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, ঢাকা রেঞ্জের ১৩ জেলার পুলিশ সুপার এবং মাদারীপুর ও গাজীপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্টরা।
সমাপনী বক্তব্যে ডিআইজি মো. ইকবাল হোসেন বলেন, জনগণকে দ্রুত ও মানসম্মত পুলিশি সেবা নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর ও ডিজিটাল পর্যবেক্ষণ ব্যবস্থা আরও শক্তিশালী করতে হবে। একই সঙ্গে সমন্বিত অভিযানের কার্যকারিতা বাড়িয়ে নিরাপদ ও জনবান্ধব আইন-শৃঙ্খলা ব্যবস্থা গড়ে তুলতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান।



















