সেবার মানোন্নয়ন ও সামাজিক সচেতনতায় নোয়াখালী পুলিশের বিশেষ প্রশিক্ষণ
- আপডেট: ০৪:১৪:১১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
- / ১৮০১৯
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
সামাজিক কলঙ্ক (স্টিগমা) হ্রাস এবং সমাজ ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে সামাজিক গ্রহণযোগ্যতা বৃদ্ধির লক্ষ্যে নোয়াখালী জেলা পুলিশের উদ্যোগে সার্ভিস ডেস্ক কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়নবিষয়ক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালার আয়োজন করে নোয়াখালী জেলা পুলিশ। এতে সহযোগিতা করে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA)। কর্মশালায় সভাপতিত্ব করেন নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।
প্রশিক্ষণ কর্মশালায় সেবাগ্রহীতাদের প্রতি আরও মানবিক, সংবেদনশীল ও পেশাদার আচরণ নিশ্চিত করা, সামাজিক কলঙ্ক দূর করা এবং সমাজের সব শ্রেণি-পেশার মানুষের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও নিরাপদ পরিবেশ গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
এছাড়া কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা আয়োজন ও পরিচালনার কৌশল, কার্যকর যোগাযোগ, সামাজিক গ্রহণযোগ্যতা বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক সেবার মানোন্নয়নে সার্ভিস ডেস্ক কর্মকর্তাদের ভূমিকা সম্পর্কেও বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়।
কর্মশালায় নোয়াখালী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, UNFPA-এর প্রতিনিধিবৃন্দ, জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ এবং সার্ভিস ডেস্ক কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে পুলিশ সদস্যদের দক্ষতা ও সংবেদনশীলতা বৃদ্ধি পাবে, যা জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার পাশাপাশি সমাজে বৈষম্য ও সামাজিক কলঙ্ক কমাতে ইতিবাচক ভূমিকা রাখবে।




















