বক্ষব্যাধি হাসপাতালে রোগী ভাগাতে গিয়ে আনসারের হাতে দালাল আটক
- আপডেট: ০৬:২২:৫১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
- / ১৮০০৬
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের এক সদস্যকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
বুধবার (২২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মহানগর আনসার (ডিএমএ) পশ্চিম জোনের তেজগাঁও থানাধীন জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে টহল ডিউটির সময় এ ঘটনা ঘটে।
একইদিন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান এ তথ্য জানান।
তিনি জানান,টহলরত প্লাটুন কমান্ডার (পিসি) মোহাম্মদ হাসান লক্ষ্য করেন, এক ব্যক্তি রোগী ও তাদের স্বজনদের দ্রুত প্যাথলজি পরীক্ষা করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে হাসপাতালের বাইরে একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি সহকারী প্লাটুন কমান্ডার (এপিসি) আমিনুল ইসলামকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে হাতেনাতে আটক করেন।
আটক ব্যক্তির নাম মো. জহিরুল ইসলাম (৩৯)।
তাকে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি হাসপাতাল এলাকায় দালালির সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন। পাশাপাশি ভবিষ্যতে হাসপাতাল প্রাঙ্গণে এ ধরনের কর্মকাণ্ডে জড়াবেন না মর্মে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানায়, হাসপাতালগুলোতে আগত রোগী ও স্বজনদের দালাল চক্রের প্রতারণা, আর্থিক শোষণ ও হয়রানি থেকে সুরক্ষা দিতে তাদের সদস্যরা নিয়মিত টহল, নজরদারি ও প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনা করছেন।
দালালমুক্ত, নিরাপদ ও সুশৃঙ্খল চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



















