মিরপুর বিআরটিএতে দালালদের বিরুদ্ধে অভিযান: ৮ দালাল আটক,৫ জনের কারাদণ্ড
- আপডেট: ০৫:৪৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
- / ১৮০০৫
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ঢাকার মিরপুর বিআরটিএ কার্যালয়ে সেবাগ্রহীতাদের হয়রানি ও অবৈধ অর্থ আদায় প্রতিরোধে পরিচালিত দালালবিরোধী অভিযানে দালাল চক্রের ৮ সদস্যকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের মধ্যে ৫ জনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩ জনকে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর ১টার দিকে মিরপুর বিআরটিএ কার্যালয়ে এ অভিযান পরিচালিত হয়।
একইদিন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান এ তথ্য জানান।
তিনি জানান,বিআরটিএ কার্যালয়ে আসা সেবাগ্রহীতাদের গাড়ি-সংক্রান্ত বিভিন্ন কাজ দ্রুত করে দেওয়ার আশ্বাস ও প্রলোভন দেখিয়ে একটি দালাল চক্র অবৈধভাবে অর্থ আদায়ের চেষ্টা করছিল। দায়িত্বরত আনসার সদস্যরা তাদের সন্দেহজনক কার্যক্রম শনাক্ত করলে বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামানের উপস্থিতিতে গার্ড ইনচার্জ পিসি মো. খোরশেদ আলম এবং এপিসি আল মিজানের নেতৃত্বে দালালবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে দালাল চক্রের ৮ সদস্যকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শামীম (৩৪), আব্দুল মান্নান (৪৬), আব্দুল্লাহ আল রাজিব (৪০), কাওসার আলী (৩০) এবং বাবুল হোসেন (৩৮)-কে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া আব্দুল্লাহ ইবনে শাকলাইন, রাকিব ও হেলালকে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
কারাদণ্ডপ্রাপ্তদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাফরুল থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে সেবাগ্রহীতাদের হয়রানি প্রতিরোধ, দালালচক্রের অপতৎপরতা দমন এবং জনসাধারণের জন্য স্বচ্ছ, নিরাপদ ও নির্বিঘ্ন সেবার পরিবেশ নিশ্চিত করতে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



















