মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সারসহ ১০ জন আটক
- আপডেট: ০৬:৩৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
- / ১৮০১৫
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সন্দ্বীপ চ্যানেল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া প্রায় ১৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের সিমেন্ট ও সার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত দুটি নৌযান জব্দ এবং ১০ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারীর সদস্যরা সীতাকুণ্ড থানাধীন সন্দ্বীপ চ্যানেল সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে একটি ফিশিং বোট ও একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ২৪০ বস্তা সিমেন্ট ও ৩৮০ বস্তা সার জব্দ করা হয়।
জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য প্রায় ১৪ লাখ ৫০ হাজার টাকা।
এ সময় পাচারকাজে ব্যবহৃত দুটি নৌযান জব্দ এবং ঘটনায় জড়িত ১০ জনকে আটক করা হয়।
কোস্ট গার্ড জানায়, জব্দকৃত মালামাল, নৌযান এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সংস্থাটি আরও জানায়, দেশের উপকূলীয় এলাকায় চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




















