পুলিশ ও সরকারি কর্মকর্তাদের নামে প্রতারণার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান
- আপডেট: ০৫:০০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
- / ১৮০০৫
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
সম্প্রতি পুলিশসহ সরকারি বিভিন্ন দপ্তরের দায়িত্বশীল ব্যক্তি, ঊর্ধ্বতন কর্মকর্তার নাম ও ছবি ব্যবহার করে প্রতারণা করা হচ্ছে জানিয়ে এই ধরনের প্রতারণার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ সদর দফতর।
মঙ্গলবার (২৮ জুলাই) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি পুলিশসহ সরকারি বিভিন্ন দপ্তরের দায়িত্বশীল ব্যক্তি, ঊর্ধ্বতন কর্মকর্তার নাম ও ছবি ব্যবহার করে প্রতারক চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসেজ (বার্তা) দিয়ে অর্থ দাবি ও বিভিন্ন ধরনের তদবির করছে মর্মে অভিযোগ পাওয়া যাচ্ছে। প্রতারক চক্র এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে একদিকে অর্থ হাতিয়ে নিচ্ছে, অন্যদিকে সরকারি প্রতিষ্ঠান ও দায়িত্বশীল সরকারি কর্মকর্তার মর্যাদাহানি করছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমের যেকোন আইডিতে কোন সরকারি কর্মকর্তার ছবি থাকা মানে মোবাইল নম্বরটি ওই ব্যক্তির বলে নিশ্চিত হওয়ার কারণ নেই। প্রতারকদের এ ধরনের মেসেজে (বার্তা) সাড়া না দিতে সকলের প্রতি অনুরোধ জানানো হচ্ছে।
কেউ প্রতারক চক্রের এ ধরনের বার্তা পেলে জাতীয় জরুরি সেবা-৯৯৯ নম্বরে এবং সাইবার পুলিশ সেন্টার, সিআইডি ও গোয়েন্দা বিভাগ (ডিবি), ডিএমপি কার্যালয়ে যোগাযোগ করতে পারেন।
বাংলাদেশ পুলিশ প্রতারক চক্রের বিরুদ্ধে সর্বোচ্চ সজাগ রয়েছে। কেউ এ ধরনের প্রতারণার সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণে পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ।



















