ইলিয়াস আলী গুম-হত্যায় সম্পৃক্ততা: বিমান বাহিনীর হেফাজতে উইং কমান্ডার সাইফুর রহমান
- আপডেট: ০৭:৩৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
- / ১৮০০২
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক সাংসদ এম ইলিয়াস আলীকে অপহরণ (গুম) ও হত্যার ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে বাংলাদেশ বিমান বাহিনীর উইং কমান্ডার মো. সাইফুর রহমানকে বিমান বাহিনীর যথাযথ কর্তৃপক্ষের হেফাজতে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান প্রবাসী সাংবাদিক জুলকারনাইন খান সায়ের।
পোস্টে জুলকারনাইন সায়ের লিখেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীকে বলপূর্বক অপহরণ (গুম) ও হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ বিমান বাহিনীর উইং কমান্ডার মো. সাইফুর রহমানকে বিমান বাহিনীর যথাযথ কর্তৃপক্ষের হেফাজতে নেওয়া হয়েছে।
গত ২১ জুন ২০২৬ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ইমরুল কায়েসের জবানবন্দিতে বিএনপি নেতা ইলিয়াস আলীর গুম ও খুনের ঘটনায় এই বিমান বাহিনীর কর্মকর্তার জড়িত থাকার বিষয়টি উঠে আসে।
উইং কমান্ডার মো. সাইফুর রহমান (তৎকালীন স্কোয়াড্রন লিডার) সে সময় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ইন্টেলিজেন্স উইংয়ে কর্মরত ছিলেন। তিনি সেনাবাহিনীর সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের মেয়ের জামাতা।
বিমান বাহিনী কর্তৃপক্ষের বরাতে তার আটকের বিষয়টি নিশ্চিত করে বলা হয়েছে, দেশের প্রচলিত আইনে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



















