রোগী বাগিয়ে নেওয়ার সময় হৃদরোগ হাসপাতাল থেকে দালাল আটক
- আপডেট: ০৫:৪৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
- / ১৮০০২
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
আনসার সদস্যদের অভিযানে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে দালালির অভিযোগে আব্দুল্লাহ আল মামুন (২৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শেরেবাংলা নগর থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ৮টা ২৫ মিনিটে হাসপাতালের বহিঃবিভাগ থেকে তাকে আটক করে আনসার সদস্যরা।
হাসপাতালের কর্মরত ক্যাম্প কমান্ডার পিসি মো. আমিনুল বলেন,হাসপাতালের বহিঃবিভাগে সেবা নিতে আসা রোগীদের স্বল্প খরচে পরীক্ষা-নিরীক্ষা ও দ্রুত চিকিৎসাসেবা পাওয়ার প্রলোভন দেখিয়ে হাসপাতালের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন এক ব্যক্তি। এসময় বহিঃবিভাগে কর্মরত এক চিকিৎসকের তথ্যের ভিত্তিতে দায়িত্বরত আনসার সদস্যরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে আটক করেন।
সরকারি হাসপাতালগুলোতে রোগীদের নির্বিঘ্ন চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং দালালচক্রের অপতৎপরতা প্রতিরোধে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।



















