বনানীতে স্বর্ণ কিনতে গিয়ে ৫৭ লাখ টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার
- আপডেট: ০১:০০:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
- / ১৮০০২
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর বনানীতে জাল নোটে স্বর্ণালংকার কিনতে যাওয়া এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকসলে তার কাছ থেকে ৫৭ লাখ ৫ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত যুবকের নাম–মো. রুবেল আহম্মেদ ফকির। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় আটটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে ডিএমপির গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান এসব তথ্য জানান।
তিনি বলেন, বৃহস্পতিবার বিকাল চারটার দিকে বনানী সুপার মার্কেটের একটি জুয়েলার্সের দোকানে দুই ব্যক্তি ক্রেতা পরিচয়ে প্রবেশ করেন। তারা এক আত্মীয়ের বিয়ের জন্য প্রায় ২০ থেকে ২১ ভরি স্বর্ণালংকার কেনার আগ্রহ প্রকাশ করেন। স্বর্ণালংকার পছন্দ করে বিল করার পর মূল্য পরিশোধের জন্য একটি কালো ট্রলি ব্যাগ থেকে টাকার বান্ডিল বের করেন।
পুলিশ জানায়, টাকাগুলো দেখে দোকানের কর্মচারীদের সন্দেহ হলে তারা সেগুলো কথিত জাল নোট হিসেবে শনাক্ত করেন। বিষয়টি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন একজনকে আটক করলেও অপর ব্যক্তি পালিয়ে যান।
খবর পেয়ে বনানী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিকে হেফাজতে নেয়। পরে তার কাছ থেকে ৫৭ লাখ ৫ হাজার টাকার কথিত জাল নোট জব্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার রুবেল আহম্মেদ ফকিরের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মোট আটটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে পলাতক সহযোগীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।



















