মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পে চুরির চেষ্টা ব্যর্থ, ৪৫০ কেজি স্ক্র্যাপ উদ্ধার
- আপডেট: ০৫:১৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
- / ১৮০০৮
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পে চুরির চেষ্টা ব্যর্থ করে প্রায় ৪০০ থেকে ৪৫০ কেজি স্ক্র্যাপ মালামাল উদ্ধার করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। পরে উদ্ধার করা মালামাল প্রকল্প কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) আনসার বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে সিপিজিসিবিএল (CPGCBL) মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের ‘মগডেইল’ ডিউটি পোস্ট এলাকায় নিয়মিত টহলের সময় দায়িত্বরত আনসার সদস্যরা ২০ থেকে ২৫ জনের একটি সংঘবদ্ধ চোরচক্রকে স্ক্র্যাপ মালামাল চুরির চেষ্টা করতে দেখেন।
এ সময় টহলে থাকা আনসার সদস্য মো. জমির আলী ও নয়ন দেব ঘটনাস্থলে গিয়ে চোরচক্রের সদস্যদের ধাওয়া করলে তারা স্ক্র্যাপ ফেলে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে আনুমানিক ৪০০ থেকে ৪৫০ কেজি স্ক্র্যাপ মালামাল উদ্ধার করা হয়। উদ্ধার করা মালামাল যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে প্রকল্প কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
আনসার বাহিনী জানিয়েছে, মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পে সংঘবদ্ধ চোরচক্র প্রায়ই চুরির চেষ্টা চালায়। তবে দায়িত্বরত আনসার সদস্যদের নিয়মিত টহল ও তাৎক্ষণিক পদক্ষেপের কারণে এসব অপচেষ্টা প্রতিহত হচ্ছে। এতে প্রকল্পের সরকারি সম্পদ ও মূল্যবান মালামালের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে বলে বাহিনীর দাবি।



















