পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেনের বদলি উপলক্ষে রাঙ্গামাটিতে বিশেষ কল্যাণ সভা
- আপডেট: ০২:২৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
- / ১৮০৩১
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
রাঙ্গামাটি জেলা পুলিশের পুলিশ লাইন্স আজ শুক্রবার (২৮ নভেম্বর) কনফারেন্স রুমে পুলিশ সুপার (এসপি) ড.এস এম ফরহাদ হোসেনের বদলি উপলক্ষে একটি বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোসাইন,এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিদায়ী অতিথি ও সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন এসপি ড. ফরহাদ হোসেন।
সভায় উপস্থিত অফিসার ও ফোর্স সদস্যরা পুলিশ সুপারের বর্ণাঢ্য পেশাগত জীবনের বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন। তার কর্মদক্ষতা, মানবিক মনোভাব এবং নেতৃত্বগুণের কথা উল্লেখ করতে গিয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। বক্তারা বলেন,তিনি একজন সৎ,মেধাবী ও সাহসী পুলিশ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং রাঙ্গামাটির মানুষের সেবায় তার ভূমিকা ছিল অনন্য।
বক্তাদের মতে,দায়িত্ব পালনকালে দুর্যোগ মোকাবেলা থেকে শুরু করে সামগ্রিক নিরাপত্তা ও জনসেবামূলক কাজে তিনি যে নিষ্ঠা ও মানবিকতার পরিচয় দিয়েছেন,তা রাঙ্গামাটিবাসীর কাছে তাকে আজীবন স্মরণীয় করে রাখবে।
সমাপনী বক্তব্যে এসপি ড.ফরহাদ হোসেন বলেন,“রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য গৌরবের ও তৃপ্তির বিষয়। সর্বোচ্চ সততা, নৈতিকতা ও পেশাদারিত্বের সাথে কাজ করে গেছি। আমার আচরণ বা কাজে কোনো ভুল হয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানাই।”
তিনি রাঙ্গামাটির জনগণ,সহকর্মী ও জেলা পুলিশের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবার ভবিষ্যৎ শান্তিময় ও নিরাপদ হোক বলে দোয়া কামনা করেন।
অনুষ্ঠান শেষে জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা,বিভিন্ন থানার অফিসার ইনচার্জ এবং বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

















