পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ-এর ২০তম বোর্ড সভা অনুষ্ঠিত
- আপডেট: ১০:৩৭:১৭ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
- / ১৮০১০
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ-এর পরিচালনা বোর্ডের ২০তম বোর্ড সভা আজ (সোমবার ২৬ জানুয়ারি ) সকালে কলেজের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
সভাপতির বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ স্টাফ কলেজে দক্ষ ও যোগ্য অফিসারদের পদায়ন নিশ্চিত করা এবং নিয়মিত বোর্ড সভা আয়োজনের নির্দেশ দেন। তিনি কলেজের প্রশিক্ষণের মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, প্রশিক্ষণের গুণগত মান বাড়াতে হবে, যাতে বিদেশ থেকেও পুলিশ কর্মকর্তারা নিয়মিতভাবে এখানে এসে উন্নত ও আধুনিক প্রশিক্ষণ গ্রহণে আগ্রহী হন।
সভায় বোর্ডের ভাইস চেয়ারম্যান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, বোর্ড সদস্য ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাংলাদেশ বাহারুল আলম বিপিএম, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর সাঈদ মাহবুব খান এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানসহ অন্যান্য বোর্ড সদস্যরা অংশগ্রহণ করেন।
পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ-এর রেক্টর (অতিরিক্ত আইজিপি) ও বোর্ড সচিব কাজী মোহাম্মদ ফজলুল করিম সভা পরিচালনা করেন। সভায় পুলিশ স্টাফ কলেজে উচ্চতর প্রশিক্ষণ আয়োজন ও প্রশিক্ষণ ক্ষেত্রের বিস্তৃতকরণ, অবকাঠামোগত উন্নয়ন পরিকল্পনা, সাংগঠনিক কাঠামো সংস্কার ও জনবল বৃদ্ধি, একাডেমিক ও গবেষণা কার্যক্রম জোরদারসহ বিভিন্ন প্রশাসনিক বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

















