হাইওয়ে পুলিশের বহরে যুক্ত হলো ৮টি অত্যাধুনিক রেকার
- আপডেট: ০৯:৪৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
- / ১৮০১৯
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
সক্ষমতা বৃদ্ধিতে নতুন যুগের সূচনা
হাইওয়ে পুলিশের সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের আওতায় দক্ষিণ কোরিয়া থেকে আমদানিকৃত অত্যাধুনিক ৮টি রেকার দেশে পৌঁছেছে। এর মধ্যে ৩০ টন ক্ষমতাসম্পন্ন ৫টি এবং ২০ টন ক্ষমতাসম্পন্ন ৩টি রেকার রয়েছে। এসব রেকারের কার্যকর ব্যবহার নিশ্চিত করতে বর্তমানে ২৫ জন চালককে বাস্তবভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠান আগামী বৃহস্পতিবার( ২৯ জানুয়ারি) অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি মো. দেলোয়ার হোসেন মিঞা প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় হাইওয়ে পুলিশের সকল ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, হাইওয়ে পুলিশের সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের পরিচালক (পিডি), পুলিশ সুপার (প্রশাসন)সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে অতিরিক্ত আইজি মো. দেলোয়ার হোসেন মিঞা বলেন, বাংলাদেশ পুলিশে এই প্রথম এত আধুনিক ও প্রযুক্তিনির্ভর রেকার সংযোজিত হয়েছে। এসব রেকার মহাসড়কে দুর্ঘটনাকবলিত যানবাহন দ্রুত অপসারণ, যানজট নিরসন এবং সার্বিক ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও গতিশীল ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
হাইওয়ে পুলিশ সূত্র জানায়, নতুন রেকারগুলো ব্যবহারের মাধ্যমে মহাসড়কে দুর্ঘটনার পর উদ্ধার কার্যক্রম আরও দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে, ফলে দীর্ঘ সময় যানবাহন আটকে থাকার প্রবণতা কমবে এবং যাত্রী ও চালকদের ভোগান্তি উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।

















