ডগ স্কোয়াড নিয়ে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে পুলিশের সাঁড়াশি অভিযান
- আপডেট: ০৯:০০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৮০৪৩
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী সাঁড়াশি অভিযান শুরু করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৮টা থেকে শুরু হওয়া এ অভিযানে সিটিটিসির ডগ স্কোয়াড ব্যবহার করে ক্যাম্পের বিভিন্ন ব্লক ও আশপাশের এলাকায় একযোগে তল্লাশি চালানো হচ্ছে।
অভিযানে নেতৃত্ব দিচ্ছেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান। সঙ্গে রয়েছেন মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা, সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন ও সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
পুলিশ জানায়, মাদক কেনাবেচা ও সেবনের অভিযোগের ভিত্তিতে বিশেষ এই অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে ডগ স্কোয়াড ব্যবহার করে ক্যাম্পের বিভিন্ন বাসা, সরু গলি ও সন্দেহভাজন স্থানে তল্লাশি চালানো হচ্ছে।
অভিযানের বিষয়ে এডিসি জুয়েল রানা বলেন, অভিযানের পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
অভিযান ঘিরে ক্যাম্প এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এর আগে গতকাল বুধবার রাত ১০টা থেকে ২টা পর্যন্ত মোহাম্মদপুর ও আদাবর এলাকায় চাঁদাবাজ, কিশোর গ্যাং ও মাদককারবারীদের বিরুদ্ধে বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করে শতাধিক ব্যক্তিকে আটক করা হয়।



















