শরীয়তপুরে ভুয়া নার্স সেজে নবজাতক চুরির চেষ্টা,আনসার সদস্যদের তৎপরতায় নারী আটক
- আপডেট: ০৫:২২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
- / ১৮০৩৫
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
শরীয়তপুর সদর হাসপাতালে ভুয়া নার্স পরিচয়ে এক নবজাতককে চুরির চেষ্টার অভিযোগে এক নারীকে আটক করা হয়েছে।
হাসপাতালের দায়িত্বরত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
বুধবার (১৫ জুলাই) দুপুরে শরীয়তপুর সদর হাসপাতালের পুরাতন ভবনের ২০২১ নম্বর কেবিনে সামনে এই ঘটনা ঘটে।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান তথ্য জানিয়েছেন।
তিনি জানান,দুপুর আনুমানিক ১টার দিকে সাদা অ্যাপ্রন পরিহিত শারমিন বেগম (২৬) নামের এক নারী ওই কেবিনে চিকিৎসাধীন এক প্রসূতির কক্ষে প্রবেশ করেন। তিনি নিজেকে নার্স পরিচয় দিয়ে মা ও নবজাতক ছাড়া অন্য সবাইকে কক্ষের বাইরে যেতে বলেন। এতে প্রসূতির স্বামী মিন্টু চৌকিদারের সন্দেহ হলে তিনি ওই নারীর পরিচয় জানতে চান। এ সময় শারমিন নিজেকে সদ্য যোগদান করা নার্স বলে দাবি করলে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে বিষয়টি দায়িত্বরত আনসার সদস্য মো. কাওসার, মো. আজিজুল হক এবং প্লাটুন কমান্ডার (পিসি) মো. মুসলিম উদ্দিনের নজরে এলে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে শারমিনকে আটক করেন। পরে হাসপাতালের কর্মরত নার্সরা নিশ্চিত করেন, তিনি হাসপাতালের কোনো নার্স নন।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, নবজাতককে চুরি করার উদ্দেশ্যেই ওই নারী নার্সের ছদ্মবেশে কক্ষে প্রবেশ করেছিলেন। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশনায় আটক শারমিন বেগমকে পালং থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তারা জানান, সরকারি হাসপাতালগুলোতে রোগী, স্বজন ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। তাদের দ্রুত পদক্ষেপে এ ঘটনায় একটি সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো সম্ভব হয়েছে।




















