নোয়াখালীতে ডিএনসির বিশেষ অভিযানে ৩ মাদকসেবীকে কারাদণ্ড
- আপডেট: ০৪:৩৯:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
- / ১৮০৪০
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
নোয়াখালীতে পবিত্র রমজান মাস উপলক্ষে পরিচালিত বিশেষ অভিযানে তিন মাদকসেবীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাছ থেকে গাঁজা, ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন— মো. খায়রুল এনাম (২৮), মো. হেলাল (৩৮) ও মিজানুর রহমান (৪৪)। তারা সবাই নোয়াখালীর সুধারাম উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
সোমবার(৯ মার্চ) রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী জেলা কার্যালয়ের উপ-পরিচালক সুব্রত সরকার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, এদিন দুপুরে সুধারাম মডেল থানা এলাকার পিরিংগির পোল ও নোয়াখালী মহিলা কলেজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, আটক ব্যক্তিদের কাছ থেকে প্রায় ৬৫০ গ্রাম গাঁজা, ১৫ পিস ইয়াবা এবং ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
পরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহাদত হোসেন, এস এম জাহিদা আক্তার মৌসুমি এবং মুকসুদুস সালেহীন ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত তিন আসামিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেন।
সুব্রত সরকার শুভ বলেন, রমজান মাসে মাদকবিরোধী বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



















