লক্ষ্মীপুরে কোস্ট গার্ডের অভিযানে ৭ কেজি গাঁজাসহ আটক ২
- আপডেট: ১০:২১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
- / ১৮০০১
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
লক্ষ্মীপুরের রামগতিতে অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় নগদ টাকা ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
শুক্রবার (১৫ মে) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বৃহস্পতিবার (১৪ মে) রাত সাড়ে ৮টার দিকে রামগতি বাজার সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন রামগতি।
অভিযান চলাকালে একটি সন্দেহভাজন ব্যাটারিচালিত অটোরিকশা তল্লাশি করে প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ সময় অটোরিকশাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়। তাদের কাছ থেকে নগদ ২ হাজার ৯৩০ টাকাও জব্দ করা হয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, জব্দকৃত গাঁজা, নগদ অর্থ ও অটোরিকশাসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।



















