নোয়াখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ত্রাণ বিতরণ
- আপডেট: ১০:০৪:০৮ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
- / ১৮০০৫
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবারের মাঝে নগদ অর্থ,খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়েছে। মানবিক এই সহায়তা প্রদান করেন আম্বার গ্রুপের চেয়ারম্যান ও বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল।
শনিবার (১৬ মে) বিকালে চৌমুহনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পাঁচ বাড়ি এলাকায় আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এ সহায়তা তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন চৌমুহনী পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও চৌমুহনী ব্যবসায়ী সমিতির সভাপতি হুমায়ুন কবির, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জি.এস. রুবেল, বেগমগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মমিন উল্যাহ মিয়া, সাবেক ছাত্রদল নেতা ও শওকত আজিজ রাসেলের ব্যক্তিগত সহকারী আরিফ রায়হান রবিন, কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মো. সুমন এবং যুবদল নেতা দেলোয়ারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ২৯ এপ্রিল রাতে চৌমুহনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পাঁচ বাড়ি মসজিদের দক্ষিণ পাশে দাইয়া মিয়ার বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে পাঁচটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায় এবং ঘরের আসবাবপত্রসহ যাবতীয় মালামাল ভস্মীভূত হয়ে পরিবারগুলো নিঃস্ব হয়ে পড়ে।
ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তার অংশ হিসেবে প্রতিটি পরিবারকে ২০ হাজার টাকা করে নগদ অর্থ, খাদ্য সামগ্রী এবং শাড়ি-লুঙ্গি প্রদান করা হয়। স্থানীয়রা এ মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।



















