রামিসা হত্যাকাণ্ড ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: আমিনুল হক
- আপডেট: ০৩:০৭:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
- / ১৮০৩৪
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে কোনো পক্ষ যেন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন আমিনুল হক। তিনি বলেছেন, হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি চায় বিএনপি, তবে তা অবশ্যই আইনের মাধ্যমেই নিশ্চিত করতে হবে।
শুক্রবার (২২ মে) সকালে রাজধানীর পল্লবীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কার্যালয়ে আয়োজিত এক যৌথ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, রামিসা হত্যাকাণ্ডে দেশবাসী দৃষ্টান্তমূলক শাস্তি প্রত্যাশা করছে। তবে একটি গোষ্ঠী এ ঘটনাকে কেন্দ্র করে উসকানি দিয়ে বিভিন্ন স্থানে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। তার ভাষ্য, এসব অপতৎপরতার উদ্দেশ্য ন্যায়বিচার নিশ্চিত করা নয়, বরং অস্থিরতা সৃষ্টি করা।
তিনি আরও বলেন, একটি মহল অপপ্রচার, মিথ্যাচার ও উসকানিমূলক স্লোগানের মাধ্যমে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছে। এ সময় নেতাকর্মীদের বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
আমিনুল হক বলেন, “দীর্ঘ ১৭ বছর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করেছেন নেতাকর্মীরা। এখন সবাইকে জামায়াত সম্পর্কে সতর্ক থাকতে হবে। তারা গোপনে সংগঠিত হয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি ও অস্থিরতা তৈরির চেষ্টা করছে।”
বাক্স্বাধীনতা ও গণতান্ত্রিক মতপ্রকাশের পক্ষে অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, কেউ যদি সেই স্বাধীনতার সুযোগ নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালায়, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “যেখানেই বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা হবে, সেখানেই দৃঢ়ভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। অন্যায়কারী যে দলেরই হোক, তাকে প্রশ্রয় দেওয়া যাবে না।”
দলের অভ্যন্তরীণ মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “দিন শেষে আমরা সবাই বিএনপির আদর্শের কর্মী। একজন সহকর্মীর ওপর আঘাত এলে সবাইকে ঐক্যবদ্ধভাবে তার পাশে দাঁড়াতে হবে।”
এর আগে সকালে পল্লবী ও রূপনগর থানার পঙ্গু ও প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ করেন আমিনুল হক।




















