কড়াইল বস্তি ও খিলক্ষেতে সাড়াশি অভিযানে বিপুল শিশা ও গাঁজা জব্দ,গ্রেফতার ৬
- আপডেট: ০৫:১৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
- / ১৮০১৩
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর কড়াইল বস্তি ও খিলক্ষেত এলাকায় পৃথক সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ অবৈধ শিশা সামগ্রী ও গাঁজা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযানে মোট ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন— দেলোয়ার হোসেন (৪৬), ইরন মিয়া (৪৫), মো. ইয়াছিন (৩৯), মোছা. আলেয়া বেগম (৪০), জাহানারা বেগম (৫৫) ও শাহীন রাড়ী (১৯)।
শুক্রবার (২২ মে) বিকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএনসির পরিচালক (অপারেশন) মো. বশির আহমেদ।
তিনি জানান, ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উপপরিচালক শামীম আহম্মেদের নেতৃত্বে এবং সংশ্লিষ্ট সার্কেল পরিদর্শক ও স্টাফদের সমন্বয়ে গত ২১ মে অভিযানগুলো পরিচালনা করা হয়।
কড়াইল বস্তিতে শিশা বারের গোপন ভাণ্ডারে অভিযান
গোপন সংবাদের ভিত্তিতে বনানী থানাধীন কড়াইল বস্তি এলাকার বিটিসিএল কলোনির কল্যাণ-১৫ নম্বর টিনশেড বাড়িতে অভিযান চালায় ডিএনসির একটি বিশেষ টিম।
অভিযানে বিপুল পরিমাণ অবৈধ শিশা, হুক্কা সেট, মাটির কল্কি, কয়লা ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। এ সময় জাহানারা বেগম ও শাহীন রাড়ীকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় শরীফ আল জাওয়াদ (৩৬) নামের একজনকে পলাতক দেখানো হয়েছে।
জব্দকৃত আলামতের মধ্যে রয়েছে ২০ কেজি শিশা, ৩৪টি হুক্কা সেট, ৭৪টি মাটির কল্কি, ৪ কেজি কয়লা, একটি মোবাইল ফোন এবং Xotic Lounge–এর ৫০ পৃষ্ঠার নথিপত্র।
ডিএনসি জানায়, কড়াইল বস্তির একটি বাসা ব্যবহার করে এসব শিশা সামগ্রী সংরক্ষণ করা হতো এবং প্রয়োজন অনুযায়ী বনানীর একটি লাউঞ্জে সরবরাহ করা হতো।
খিলক্ষেতে বাসে তল্লাশি, উদ্ধার ১৮ কেজি গাঁজা
একই অভিযানের অংশ হিসেবে গুলশান সার্কেলের পরিদর্শকের নেতৃত্বে খিলক্ষেত বাসস্ট্যান্ড এলাকায় আরেকটি অভিযান চালানো হয়।
এ সময় রাজউক ট্রেড সেন্টার শপিং মলের সামনে গাজীপুরগামী একটি বাসে তল্লাশি চালিয়ে ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— দেলোয়ার হোসেন, ইরন মিয়া, মো. ইয়াছিন ও মোছা. আলেয়া বেগম।
পৃথক মামলা দায়ের
উদ্ধারকৃত শিশা সামগ্রী ও গাঁজাসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী বনানী ও খিলক্ষেত থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।
ডিএনসি জানিয়েছে, গুলশান-বনানী এলাকায় অবৈধ শিশা বার ও মাদক ব্যবসা নির্মূলে সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।



















