ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আনসার-ভিডিপির ঈদ উদযাপন
- আপডেট: ১০:০৪:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
- / ১৮০১০
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদ-উল আযহা-২০২৬ উদযাপন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
ঈদের সকালে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বৃহস্পতিবার (২৮ মে) সকালে আনসার-ভিডিপি সদর দপ্তরের কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন। এ সময় অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী এবং আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।
নামাজ শেষে দেশ ও জাতির শান্তি, সম্প্রীতি ও অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে বাহিনীর সার্বিক উন্নয়ন ও সদস্যদের কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
পরে মহাপরিচালক উপস্থিত কর্মকর্তা-কর্মচারী ও দায়িত্ব পালনরত সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় বাহিনীর সুসজ্জিত সদস্যরা তাকে গার্ড অব অনার প্রদান করেন। গার্ড সালাম গ্রহণ শেষে তিনি সবাইকে ঈদের শুভেচ্ছা জানান এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। পাশাপাশি বাহিনীর সার্বিক কার্যক্রম ও শৃঙ্খলার প্রতি সন্তোষ প্রকাশ করেন।
ঈদের দিনেও দেশের নিরাপত্তা ও জনসেবায় নিয়োজিত সদস্যদের ত্যাগ ও কর্তব্যনিষ্ঠার প্রশংসা করে মহাপরিচালক বাহিনীর সকল সদস্য ও দেশবাসীকে পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানান।



















