কঠোর নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে শোলাকিয়ায় ঈদ জামাত অনুষ্ঠিত
- আপডেট: ১২:২৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
- / ১৮০০৪
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
ভাবগাম্ভীর্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান-এ পবিত্র ঈদুল আযহার প্রধান জামাত।
বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৯টার জামাতটি অনুষ্ঠিত হয়। কিশোরগঞ্জের জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে দেশের অন্যতম বৃহৎ এই ঈদ জামাতকে ঘিরে জেলা পুলিশের পক্ষ থেকে কঠোর ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনের পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়, যাতে মুসল্লিরা নির্বিঘ্নে ঈদের নামাজ আদায় করতে পারেন।
ঈদ জামাতে অংশগ্রহণ করেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল, কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সর্বস্তরের হাজারো মুসল্লি।
নামাজ শুরুর পূর্বে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান উপস্থিত মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। তিনি তাঁর বক্তব্যে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং ঈদের ত্যাগের মহিমা ধারণ করে শান্তিপূর্ণ সমাজ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
নামাজ শেষে তিনি উপস্থিত অতিথি, জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
শান্তিপূর্ণ পরিবেশে ঈদ উদযাপন সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়েছে। ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনুক শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ।



















